বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে মিথ্যাচারে নান্দাইলে শিক্ষকের অভিনব প্রতিবাদ

আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই হাতে তৈরি প্রতিবাদ লিপি সম্বলিত একটি ফ্যাস্টুন বহন করে মহাসড়ক ধরে হেঁটে চলছেন এক প্রবীণ অধ্যাপক। কৌতুহল নিয়ে কেউ তার কাছে এগিয়ে গেলে তার হাতে ধরিয়ে দিচ্ছেন একটি কাগজ। তাতে লেখা রয়েছে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ শেষ করেছিলেন শুধু জয়বাংলা বলে। এভাবেই তিনি মুক্তিবাহিনীর উপপ্রধান একে খন্দকারের লেখা ১৯৭১ ভেতরে বাইরে বইয়ে উল্লেখ করা জয় পাকিস্তান তথ্যটির প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদ জানানো শিক্ষক হচ্ছেন ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত  অধ্যাপক আফেন্দি নূরল ইসলাম। তিনি একাই আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে প্রতিবাদ জানিয়ে নান্দাইল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
 
আফেন্দি নূরল ইসলাম বলেন, ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ৭ই মার্চের রমনার রেসকোর্স ময়দানে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষন মঞ্চের কাছে (এ্যানক্লোজার ঘেসে) বসেছিলেন। তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ওই ভাষনটির আদ্যোপান্ত শুনেছেন। তিনি বলেন, জয়বাংলা বলে বঙ্গবন্ধ ভাষণ শেষ করেন। বঙ্গবন্ধুকে তিনি ওই সময় পাকিস্তান বলতে শুনেননি। এছাড়া তিনি ও তার বন্ধুরা বঙ্গবন্ধুর ভাষণে উজ্জীবিত হয়ে ঢাকার বিভিন্ন রাজপথে গাছের গুড়ি ফেলে গাড়ি চলাচলে বাধা ও ২৬ মার্চে পিলখানায় পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ইপিআর বাহিনীর জন্যে খাবার সংগ্রহ করে তা পাঠানোর ব্যবস্থা করেন। তাই একে খন্দকারের লেখা বইয়ে উল্লেখ করা জয় পাকিস্তান বলে ভাষণ শেষ করার ওই তথ্যকে নির্লজ্জ জঘন্যতম মিথ্যা দাবি করে এই প্রতিবাদ জানাচ্ছেন।