থিসারা পেরেরাকে দলে টানতে চেয়েছিল নিউজিল্যান্ড



নিউজিল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে খেলার প্রস্তাব পেয়েছিলেন শ্রীলংকান অলরাউন্ডার থিসারা পেরেরা। নিজের দুর্বল পারফরমেন্সের কারণে জাতীয় দল থেকে প্রত্যাহার করে নেয়ার সময় পেরেরাকে প্রস্তাব দিয়েছিল নিউজিল্যান্ড।
স্থানীয় সাপ্তাহিক লাকবিমা পত্রিকাকে পেরেরা বলেন, ‘নিউজিল্যান্ডের কাছ থেকে আমি প্রস্তাব পেয়েছিলাম। তারা আমাকে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছিল। আমিও তাদের প্রস্তাবে প্রায় রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি অনুধাবন করতে সক্ষম হলাম যে, আমার নিজ দেশ শ্রীলংকাকেই আমার প্রাধান্য দেয়া উচিত।’
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং তার কাছে ন্যায় বিচার পাব বলে আশা করেন। পেরেরা বলেন, ‘রাষ্ট্রপতি আমাকে হটকারী কোনো সিদ্ধান্ত না নিতে পরামর্শ দিলেন। তিনি আমাকে ধৈর্য্য ধারণ করতে বললেন। শেষ পর্যন্ত আমি জাতীয় দলে ফিরতে পারলাম।’