পঞ্চগড় জেলা সদরের চাকলাহাট সীমান্ত লাগোয়া বাংলাদেশের জমিতে সদ্য রোপিত এক চাষীর চা গাছের চারা উপড়ে ফেলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। সোমবার সন্ধ্যার কিছু পুর্বে ভারতের সাকাতি বিএসএফ ফাঁড়ির কয়েকজন বিএসএফ সদস্য সশস্ত্র অবস্থায় বাংলাদেশ এলাকায় অনুপ্রবেশ করে চা চারা রোপণকারী শ্রমিকদের গুলি করার হুমকি দিলে শ্রমিকরা প্রাণের ভয়ে পালিয়ে আসে। এ সময় তারা সেখানে রোপিত কিছু চায়ের চারা উপড়ে ফেলে। খবর পেয়ে জয়ধরভাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে চলে যায়। বিজিবির পক্ষ থেকে তাত্ক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। ঘটনার পর থেকে ভিত-সন্ত্রস্ত শ্রমিকরা সীমান্ত লাগোয়া জমিতে চা চারা রোপণ বন্ধ রেখেছে।
চা চাষী সারওয়ার হোসেন অভিযোগ করেন, আর্ন্তজাতিক আইন মেনে জিরোলাইন থেকে ১০ গজ ছেড়ে দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে চায়ের চারা রোপণ করা হচ্ছিল। অথচ পাশেই জিরোলাইন ঘেঁষে ভারতীয় চা বাগান রয়েছে।
১৮ বিজিবি ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুল হুদা বিএসএফ কর্তৃক চা গাছ উপড়ে ফেলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি নিরসনে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।