জয় ছাড়াই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তবে এবার কাঙ্ক্ষিত সেই জয় দিয়েই ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু করল ইংলিশরা। সোমবার ‘ই’ গ্রুপের খেলায় ড্যানি ওয়েলব্যাকের জোড়া গোলে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের শুরুতেই দুটি ভালো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন অধিনায়ক ওয়েইন রুনি। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবেই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে খেলা। গোলের জন্য মরিয়া ইংল্যান্ডকে ৫৯ মিনিটে সফলতা এনে দেন ওয়েলব্যাক। রুনির বাড়ানো বল থেকে গোল করেন ওয়েলব্যাক। শেষ মিনিটে ওয়েলব্যাকের দ্বিতীয় গোলে পরাজয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।