কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫শ পিস ইয়াবা, একটি কাটাবন্দুক ও ১ রাউন্ড তাজা গুলী উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার শহরতলীর উত্তরণ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইয়াবা ব্যবসায়ী টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার মৃত আবুল হাছনের ছেলে মো. নজরুল ইসলামকে (৩৫) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশের সদস্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধারের জন্য সোমবার দিবাগত রাত ২টার দিকে শহরের উত্তরণ আবাসন এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলী ছুঁড়তে থাকে। এ সময় পুলিশও জীবন রক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে অন্ধকারে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল হতে এক জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা সম্ভব হয়।
তিনি জানান, গ্রেফতারের পর গুলিবিদ্ধ নজরুলকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র, মাদক দ্রব্য ও পুলিশের উপর হামলা আইনে সহ পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।