ঈদ-পূজা সামনে রেখে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি টিকেট বিক্রি ৩ অক্টোবর শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হবে। ঈদযাত্রা শুরু হবে ১ অক্টোবর।
এদিকে, দূরপাল্লার বেসরকারি বাস সার্ভিসের অগ্রিম টিকেট ২১ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন। আর চলতি মাসের ২৮ তারিখ থেকে যাত্রীদের কাছে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বিআরটিসি।
ঈদুল আযহা ও দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার সকালে রেলমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে রেলভবনে অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় অনুষ্ঠিত হয়।
সভাশেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, ২৬ সেপ্টেম্বর পাওয়া যাবে ১ অক্টোবরের টিকেট। ২৭ সেপ্টেম্বর ২ অক্টোবরের, ২৮ সেপ্টেম্বর ৩ অক্টোবরের, ২৯ সেপ্টেম্বর ৪ অক্টোবরের এবং ৩০ সেপ্টেম্বর পাওয়া যাবে ৫ অক্টোবরের আগাম টিকেট। একইভাবে ৩ অক্টোবর পাওয়া যাবে ৭ তারিখের ফিরতি টিকেট। এভাবে ৮ অক্টোবর পর্যন্ত চলবে। ৮ অক্টোবর পাওয়া যাবে ১১ অক্টোবরে টিকেট। ঈদের দিন টিকেট বিক্রি বন্ধ থাকবে। প্রতিবারের মতো এবারো একজন চারটির বেশি টিকেট পাবেন না বলে জানান তিনি।
মুজিবুল হক বলেন, বর্তমানে রেলের মোট ৮৪৮টি কোচ রয়েছে। ঈদ উপলক্ষে ১৩০টি কোচ মেরামত করা হচ্ছে। ঈদের আগেই তা বহরে যুক্ত হবে। ১৭৮টি ইঞ্জিন চালু রয়েছে; ঈদ সামনে রেখে মেরামতকৃত আরো ৩০টি বহরে যুক্ত হবে। অতিরিক্ত কোচ ও ইঞ্জিন যুক্ত হওয়ায় এবার ঈদে অতিরিক্ত ৭০ হাজার যাত্রী পরিবহন করা যাবে।
তিনি জানান, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন সারাদেশে এক লাখ ৮০ হাজার টিকেট ইস্যু করা হয়। ঈদ মৌসুমে অতিরিক্ত চাপ মোকাবেলায় প্রতিদিন সব ট্রেন মিলিয়ে দুই লাখ ৫০ হাজার টিকেট বিক্রি করা হবে। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলো ঢাকা- দেওয়ানগঞ্জ, ঢাকা খুলনা, চট্টগ্রাম-চাঁদপুর রুটে ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে সাতদিন চলবে। এছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ শোলাকিয়া রুটে ঈদের দিন দুই জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে।
রেলমন্ত্রী বলেন, ট্রেনের সিডিউল বিপর্যয়রোধে তারা সতর্ক রয়েছেন। এবারও ঈদ-পুজায় ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে রেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। যাত্রী নিরপাত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবিসহ রেলওয়ের আরও দুটি নিরাপত্তা বাহিনী যাত্রীদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। যেখানেই যাত্রী হয়রানি, অজ্ঞান পাটির তত্পরতা দেখা যাবে সেখানেই যাত্রীদের নিরাপত্তায় সক্রিয় হবে এসব নিরাপত্তা বাহিনী।
রেলের উন্নয়নে শিগগিরই ১২০টি কোচ আনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে যাত্রীরা রেলখাতে ‘দৃশ্যমান পরিবর্তন’ লক্ষ্য করতে পারবেন।
মুজিবুল হক আরও জানান, প্রতি বছরই মুসলিম ও হিন্দু সমপ্রদায়ের দুটি বড় উত্সব (ঈদুল আযহা ও দুর্গা পূজা) কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয়। ফলে বাড়ি ফেরা মানুষের পরিমাণও হয় অনেক বেশি। তাই এই বিষয়ে আমাদের বাড়তি প্রস্তুতি নিতে হয়। তারই অংশ হিসেবে আজকের বৈঠক করেছি। আশা করি যাত্রী সেবা দিয়ে ঘরমুখো মানুষকে খুশি করতে পারবো।
সাংবাদিক সম্মেলনে রেল সচিব আবুল কালাম আজাদ, রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, যুগ্ম সচিব ইমদাদুল হকসহ মন্ত্রণালয়, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২১ সেপ্টেম্বর থেকে বাসের টিকিট
দূরপাল্লার বেসরকারি বাস সার্ভিসের অগ্রিম টিকেট ২১ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন। গত সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে আজকালের মধ্যে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে মালিক সমিতি।
এ বিষয়ে জানতে চাইলে বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের স্বত্ত্বাধিকারী মো. ফারুক তালুকদার সোহেল ইত্তেফাককে বলেন, অতীতের মত এবার ঈদের ১৫দিন আগে থেকে আগাম টিকেট বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে।
বিআরটিসি অগ্রিম টিকিট ২৮ সেপ্টেম্বর
এদিকে, বিআরটিসি জানিয়েছে, চলতি মাসের ২৮ তারিখ থেকে যাত্রীদের কাছে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে সংস্থাটি। আর ঈদ স্পেশাাল সার্ভিস শুরু হবে ২ অক্টোবর থেকে এবং ঈদ পরবর্তী ৩ দিন পর্যন্ত এই সার্ভিস থাকবে।