‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

যারা জালিয়াতি করেছে, তারা ঢাবিতে ভর্তি হতে পারবে না: ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৯০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষায় ফেল করেছেন বা পাস নম্বর তুলতে ব্যর্থ হয়েছেন ৩৮ হাজার ১৪৫ শিক্ষার্থী। পাসের হার ২০ দশমিক ৬১। এ ইউনিটে এক হাজার ১৭০টি আসন থাকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম দিকের সমসংখ্যক ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। আজ মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ফল প্রকাশের পর তিনি বলেন, যারা ভর্তি পরীক্ষায় জালিয়াতি করেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না।
এ সময় সাংবাদিকদের জানানো হয়, গত শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৮ হাজার ৭৪২জন ভর্তির আবেদন করে। পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৮ হাজার ৫৭ জন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েব সাইট http://admission.eis.du.ac.bd  থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
পরীক্ষার ফল প্রকাশের পর অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যারা ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, তারা রাষ্ট্রের ভবিষ্যেক হত্যা করতে চায়। তারা কখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে না। তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এরই মধ্যে যারা জালিয়াতির সাথে আটক রয়েছে তাদের বিরুদ্ধে মামালা করা হয়েছে এবং তারা যাতে জামিনে বের হতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য শুক্রবার পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৭ ভর্তিচ্ছু পরীক্ষার্থীসহ ১০ জনকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ। পরে তাদের কয়েকজনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
ইঅ/চৌফে/শ২৪৯