সেনবাগ উপজেলার পুলিশ স্থানীয় সেবারহাট পশ্চিম বাজার সংলগ্ন সড়কের পাশ থেকে আজিজুল হক সাইফুল (৩২) নামের শ্রমিকলীগ নেতার লাশ উদ্ধারের পর আজ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সাইফুলের বাড়ি পার্শ্ববর্তী ফেনীর দাগনভূঁইয়া উপজেলার ৫ নং এয়াকুবপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামে।তিনি এয়াকুবপুর ইউনিয়ন শ্রমিকলীগ যুগ্ম আহ্বায়ক। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে, তা পুলিশ জানতে পারেনি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে পুলিশ জানায়।
সেনবাগ থানার ওসি লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে ইত্তেফাককে জানান, সোমবার রাতে গামছা দিয়ে হাত ও মুখ বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে নিহতের ভাই ফজলু মিয়া সাইফুলের লাশ শনাক্ত করেন। আজ সকালে ময়না তদন্তের জন্য লাশ স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইঅ/চৌফে/শ১৩৯