সংসদ অধিবেশনে অপ্রাসঙ্গিক কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমক শুনলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, বরিশালের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।
মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির ঠিক আগে তারকা চিহ্নিত ৩৮৮ নম্বর প্রশ্ন উত্থাপন করতে সংসদে গোলাম দস্তগীর গাজীকে আহ্বান জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
দস্তগীর গাজী অধিবেশনে অনুপস্থিত থাকায় স্পিকার তার পক্ষে প্রশ্নটি উত্থাপন করতে পঙ্কজ দেবনাথকে বলেন। এবারই প্রথম সংসদে আসা পঙ্কজ তখন দাঁড়িয়ে বলেন, “মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি অনেকক্ষণ ধরেই একটি সম্পূরক প্রশ্ন করতে চেয়েছিলাম। ভালোই হল, আপনি আমাকে মাইক দিয়ে কথা বলার সুযোগ করে দিলেন।” এরপর প্রশ্নটি উত্থাপন না করে কথা বলেই যাচ্ছিলেন পঙ্কজ।
এক পর্যায়ে সংসদ নেতা শেখ হাসিনা হঠাৎ ডান দিকে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে ধমকের সুরে পঙ্কজকে কিছু বললেন। এই সময় সাংবাদিক গ্যালারি থেকে প্রধানমন্ত্রীর কণ্ঠে ‘ধ্যাৎ’ শব্দটি শোনা যায়। পঙ্কজ সঙ্গে সঙ্গেই তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপন করেন অতিরিক্ত কোনো কথা না বলে।
মাগরিবের নামাজের বিরতিতে অধিবেশন কক্ষ ছাড়ার সময় প্রধানমন্ত্রী পঙ্কজকে ডেকে দুই মিনিট কথা বলেন। এসময় পঙ্কজকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় সেখানে ছিলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, বর্তমান প্রধান হুইপ আ স ম ফিরোজসহ কয়েকজন সংসদ সদস্য। শেখ হাসিনা তখন আব্দুস শহীদকে বলেন, “এগুলো শেখাবেন।”