শিকাগোতে জিয়ার নামে রাস্তার নামকরণ

যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি রাস্তার নামকরণ হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর বিকাল তিনটায় শিকাগো সিটি হলে আনুষ্ঠানিকভাবে রাস্তার নামফলক উদ্বোধন করা হবে।
 
এর আগে ১৯৯৭ সালের ১০ অক্টোবর স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এখানে একটি রাস্তার নামকরণ হয়।
 
নিউইয়র্কের বার্তা সংস্থা আমেরিকান নিউজ এজেন্সি (এনা) জানিয়েছে, গত ২৮ মে ‘জিয়াউর রহমান ওয়ে’ বিলটি শিকাগো সিটি হলে পাশ হয়। সিটি কাউন্সিলের ৫০ জন সদস্যের ৪৮ জনই এতে সমর্থন দেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির যাচ্ছেন। এছাড়া বর্তমানে লন্ডনে সফররত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও যোগ দিতে পারেন।
 
উল্লেখ্য, শিকাগোতে গান্ধী ও জিন্নাহ’র নামেও রাস্তার নাম রয়েছে। শিকাগো শহরের ৬৮০০ নর্থ এবং ৬৬০০ নর্থের ওপরে ক্লার্ক স্ট্রিটের কিছু অংশ ‘জিয়াউর রহমান ওয়ে’ হবে। বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে নামকরণ হলেও এসব রাস্তার পুরনো নাম বা নম্বর বহাল থাকে।