যুক্তরাষ্ট্রজুড়ে আইফোন-৬ উন্মাদনা





আগামী ১৯ সেপ্টেম্বর বাজারে আসছে বহুল প্রত্যাশিত আইফোন-৬। স্থানীয় সময় মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে আইফোন-৬ বাজারে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেন অ্যাপলের সিইও টিম কুক। দুটি পৃথক আকারের আকষর্ণীয় ডিজাইনের আইফোন আগেভাগে পেতে গ্রাহককে এক সপ্তাহ আগে থেকে প্রি-অর্ডার দিতে হবে।
আর এ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে উন্মাদনা। বাজারে আসার এখনো ১০দিন বাকি থাকলেও বিশ্বের সবচেয়ে বৃহত্তম অ্যাপল স্টোর নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে গত পাঁচদিন ধরে আগাম লাইন ধরেছেন আইফোন প্রেমিরা। নানান বয়সি মানুষের ভিড় বাড়ছে সেখানে। যন্ত্রের প্রতি মার্কিনিদের দুর্বলতা আগাগোড়াই। কিছুটা বিচিত্রও বটে। তাইতো রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ফিফথ এভিনিউতে মার্কিনিদের লাইন ক্রমেই দীর্ঘ হচ্ছে। একটাই লক্ষ্য সবার আগে নতুন আইফোন হাতে পাওয়া।
লাইনে থাকা প্রথম ব্যক্তিটি বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাচ্ছেন। সঙ্গে তার ছোট মেয়েকেও রেখেছেন। লাইনের তিন নম্বর ব্যক্তি মাঝ বয়সি স্যামুয়েল জানালেন, তিন বছর ধরেই লাইনে দাঁড়িয়ে থেকে তিনি আইফোন কিনে আসছেন। দুটি আইফোন কিনতে পারলে একটি বিক্রি করে দেবেন বলে জানান। তবে নতুন আইফোনের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্যামুয়েল।
পাশের তরুণ চালর্স জানান, আইফোন তিনি পরেও কিনতে পারবেন। কিন্তু দুসপ্তাহ আগে লাইনে দাঁড়িয়ে কেনার মজাটাই আলাদা। তার মতে, বিশ্বের মিডিয়া আইফোনের জন্য লাইনের খবরটি ফলাও করে প্রচার করে। লাইনে একটু পিছিয়ে পড়া ক্লদিয়া জানান, শীত নামতে শুরু করেছে। বাতাসও বইছে জোরে। ঝড়-বৃষ্টি যত কিছুই আসুক না কেনো তিনি লাইনে থেকেই ফোন কিনে তার স্বামীকে উপহার দিতে চান। এটিই তার কাছে আনন্দের।
মার্কিনিদের সঙ্গে পাল্লা দিয়ে প্রবাসী বাংলাদেশিদেরও পছন্দের তালিকায় রয়েছে আইফোন-৬। নতুন আইফোন-৬ এর খবর নিতে অ্যাপল স্টোরে আসা প্রবাসী জামাল জানান, নতুন আইফোন দেখতে কেমন এজন্য স্টোরে এসেছেন।   
মঙ্গলবার আইফোন-৬ এবং আইফোন-৬ প্লাস নামে দুটি আকারের আইফোন বাজারজাত করার ঘোষণা দেয় অ্যাপল। ১৬, ৬৪ এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার এই দুটি মডেলের আইফোন তিনটি রঙে পাওয়া যাবে। দুটি ফোনেই নতুন অপারেটিং সিস্টেম ৮ থাকছে আর নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে মজার মজার অনেক ফিচার। কেনাকাটা থেকে শুরু করে স্বাস্থসেবাও মিলবে নতুন আইফোনে। চলতি বছর আইফোন ছাড়াও নতুন প্রযুক্তির অ্যাপল ওয়াচের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী বছরের শুরুতে বাজারে আসবে অ্যাপল ওয়াচ।