আমি জেনেশুনে চোরদের পক্ষ নিয়েছি: শিক্ষামন্ত্রী

 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আমি জেনেশুনে চোরদের পক্ষ নিয়েছি। মহাচোরদের শনাক্ত করে উত্খাত আর ছোট চোরদের সংশোধন করতে এছাড়া আমার কোনো পথ খোলা ছিলো না। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ১২টি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছি। আরো কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছি। রায় পেলে সনদ বিক্রিতে জড়িত ওইসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯৭ জন কৃতি শিক্ষার্থীকে অগ্রণী ব্যাংক, ড. মমতাজ উদ্দিন আহমদ ও ডা. একে খান স্বর্ণপদক প্রদান এবং দুই গুণিজনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাবি সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েনউদ্দিন আহমদ। অনুষ্ঠানে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত অনার্স, মাস্টার্স ও এমবিবিএস পরীক্ষায় অনুষদে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অধিকারী ৮৪ কৃতি শিক্ষার্থীকে ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’, দর্শন বিভাগের মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ৫ কৃতি শিক্ষার্থীকে ‘ড. মমতাজউদ্দিন আহমদ স্বর্ণপদক’ এবং এমবিবিএস (শেষ বৃত্তিমূলক, নিয়মিত) পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ চিকিত্সা অনুষদে প্রথম স্থান অধিকারী ৮ শিক্ষার্থীকে ‘একে খান স্বর্ণপদক’ প্রদান করেন শিক্ষামন্ত্রী।
এছাড়া বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে বাংলা ১৪০০ সালের গুণিজন হিসেবে ‘সারোয়ার জাহান স্মৃতি পুরস্কার’ এবং ২০০৮ থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা, নাট্যকলা ও সঙ্গীত, ইংরেজি, চারুকলা এবং ফোকলোর বিভাগে উচ্চমান গবেষণায় অবদান রাখার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমানকে ‘সারোয়ার জাহান গবেষণা পুরস্কার’ প্রদান করেন শিক্ষামন্ত্রী।