সাবেক পরীকল্পনা মন্ত্রী এ.কে খন্দকারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে মানহানির মাললা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট সানজিদা আফরিন দীবার আদালতে এই মামলা করা হয়। তার আলোচিত ‘১৯৭১ ভেতরে বাইরে’ বইয়ে তথ্য বিকৃতির অভিযোগ এনে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামের একজন মুক্তিযোদ্ধা বাদী হয়ে তার বিরুদ্ধে মানহানী মামলা করেন।
মামলার বাদী মুক্তিযুদ্ধকালীন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মুজিববাহিনীর অধিনায়ক, সাবেক যুগ্ম সচিব ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা এম. এ ইসহাক ভূইয়া গত ৮ সেপ্টেম্বরের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরাত দিয়ে বলেন, এ.কে খন্দকারের সেই বইয়ে উল্লেখ করা হয়েছে মুজিব বাহিনীর সদস্যদের ’৭১-এ মাঠে দেখা যায়নি। তাছাড়া তারা লুটপাটে জড়িত ছিল। তার এমন কথায় দেশের হাজারো মুক্তিযুদ্ধার মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি।
বাদী পক্ষের আইনজীবী তানভীর ভূইয়া জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাদীর মুক্তিযুদ্ধের সনদ দেখানোর নির্দেশ দিয়েছেন। তার পরই এ বিষয়ে আদালত পরবর্তী নির্দেশনা দিবেন। আশা করি আদালতের নির্ধারিত দিনেই আমরা প্রমাণপত্র হাজির করবো।