নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা বিল্লাল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামি খায়রুল, আলামিন ও আবুল দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দী দিয়েছে।
বুধবার বিকেলে খায়রুলল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আলামিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ এর আদালতে ও আবুল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
জেলা ডিবি পুলিশের এসআই হাসিমউদ্দিন জানান, বিল্লাল হত্যা মামলায় তারা মোট ৫জনকে রিমান্ডে নিয়েছিলেন। এর মধ্যে ৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বাকীদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত, গত ২৭ জুন বিকেলে মুক্তিযোদ্ধা ও সনমান্দি ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বিল্লাল হোসেন একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে ফতেহপুর পাকা রাস্তার উপরে তার মোটর সাইকেলের গতিরোধ করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। বিল্লাল হত্যার ঘটনায় নিহতের পরিবার ২০ জনকে আসামী করে মামলা দায়ের করে। গত ২ ও ৪ জুলাই মামলার অন্যতম আসামী শহিদুল্লাহ ও আনোয়ারের বাড়ি থেকে রক্তমাখা পাঞ্জাবি ও রক্তমাখা দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। উচ্চ আদালত থেকে জামিন নেয়া মামলার ১৬ আসামী গত ১৯ আগস্ট নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠায় আদালত।