রাজধানীতে দুই নারীসহ তিন লাশ উদ্ধার

 
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বুধবার অজ্ঞাত দুই নারী ও এক নির্মাণ শ্রমিকসহ তিন জনের লাশ উদ্ধার করছে পুলিশ। দুই নারীর মৃত্যুর কোন কারণ জানা যায়নি। পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, রাজধানীর দয়াগঞ্জ ব্রিজের ৩০০ গজ দূরে অজ্ঞাত (৪৫) এক নারীর লাশ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ। উদ্ধারের সময় তার পরনে সবুজ রঙের সালোয়ার কামিজ ছিল। জিআরপি থানার এএসআই সিরাজুল ইসলাম বুধবার সকাল সোয়া নয়টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠান। সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ওই নারী ভিক্ষুক অথবা মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন।
অন্যদিকে রাজধানীর খিলগাঁও থানাধীন পূর্ব নন্দিপাড়া ৮নং রোডের পাশ থেকে অজ্ঞাত (৪০) আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। এসময় ওই নারীর পরনে ধূসর রঙের সালোয়ার কামিজ ও বোরকা ছিল।
সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁও থানার এসআই মো. ফখরুল ইসলাম লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ফখরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ওই মহিলা পানিতে ডুবে মারা যেতে পারেন।
এদিকে হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন ভবনে রড উঠাতে গিয়ে ১১তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম ইমরান (২০)। তার বাবার নাম এজাবুল হক। রাজশাহী জেলার তানোর উপজেলার হাটপাড়া গ্রামে তার বাড়ি। জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে হাতিরঝিল এলাকার পাশের একটি ১৫ তলা ভবনের ১১ তলায় রড উঠাতে গিয়ে পড়ে তার মৃত্যু হয়। লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।