তেজগাঁওয়ে নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ

সন্ত্রাসীদের বিরুদ্ধে জিডি করেও শেষ রক্ষা হলো না

 
রাজধানীর তেজগাঁওয়ে চাঁদার দাবিতে আজ বুধবার সকালে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হারুন রশিদ (৫০) নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। বিদেশে আত্মগোপন করা কাওরান বাজারের ত্রিপল মার্ডারের ফেরারি আসামি আশিকের নামে ঐ প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এর প্রতিকার চেয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি জিডিও করা হয়। এই জিডির খবর সন্ত্রাসীদের কাছে যাওয়ার পর তারা আরো ক্ষিপ্ত হয়। গুলি করার আগেই অজ্ঞাত সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে ফোন করে জানায়, ‘জিডি তো তোরা করলি। এবার শেষ রক্ষা পুলিশ করতে পারে কি না। পুলিশ ক্যামনে ঠেকায় তোরা দেখিস।’
ঢামেক হাসপাতালে চিকিত্সাধীন গুলিবিদ্ধ হারুন জানান, তেজগাঁওয়ের ২১৫, তেজকুনিপাড়ায় অ্যাভিনিউ বিল্ডার্সের নির্মাণাধীন ভবনে তিনি রড বাঁধাইয়ের কাজ করেন। সকাল সাড়ে ৯টার দিকে দুই যুবক পিস্তল নিয়ে প্রথমে মালিকের খোঁজ করে। এরপরে তারা প্রজেক্ট প্রকৌশলী সোহেলকে খুঁজতে থাকে। একপর্যায়ে এক সন্ত্রাসী তার  ডান পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে। তিনি পড়ে গেলে আরেক সন্ত্রাসী বাম পায়ের তালুতে পিস্তল ঠেকিয়ে এক রাউন্ড গুলি করে চলে যায়। পরে তাকে ঐ প্রতিষ্ঠানের অর্থ উপদেষ্টা ওয়াহিদুজ্জামান উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, কয়েক দিন ধরে অ্যাভিনিউ বিল্ডার্সের কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। এ ঘটনায় গত আগষ্টে ঐ প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছিল। চাঁদা না দেয়ায় তারা ঐ শ্রমিককে গুলি করেছে। ঘটনার পরপর ঐ নির্মাণাধীন বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে অ্যাভিনিউ বিল্ডার্সের পরিচালক জাকির হোসেন বলেন, চাঁদার দাবিতে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের পরামর্শক আশরাফুজ্জামান বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন। গুলিবিদ্ধ শ্রমিকের সুচিকিত্সার ব্যবস্থা করা হচ্ছে।
 

ইঅ/চৌফে/শ২৭২