প্রাণনাশের হুমকি দেয়ায় রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. এনামুল হকের আইনজীবির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা। বুধবার বিকালে রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় এ জিডি (জিডি নম্বর-৭৭৭) করেন। এর আগে সকাল ১০ টার দিকে এনামুলের ট্যাক্স ল ইয়ার কাঞ্চন তাকে মোবাইলে হুমকি দিয়েছেন।
জিডি সূত্রে জানা যায়, রাজশাহী-৪ এর এমপি মো. এনামুল হকের ট্যাক্স ল ইয়ার কাঞ্চন দাসের মোবাইল থেকে যতন কুমার রায়কে ফোন দেয়া হয়। ফোনে এমপি এনামুল হক তার ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চান কাঞ্চন দাস। অনুসন্ধানকারী কর্মকর্তা যতন কুমার রায় তাকে জানান, কিছু কাগজপত্র পাওয়ার প্রত্যাশা করছি, সেগুলো পেলে ব্যবস্থা নেব। তখন ট্যাক্স ল ইয়ার জানান, স্বরাষ্ট্র ও সরকারের উপরের মহল এবং কমিশন এনামুল হকের পক্ষে আছেন। শুধু আপনি (অনুসন্ধানকারী কর্মকর্তা) তার (এনামুলের) পক্ষে রিপোর্ট দিলেই হয়।
এর প্রতিউত্তরে যতন কুমার রায় বলেন, রেকর্ডপত্রে যা পাওয়া যাবে রিপোর্টে তাই থাকবে। এ সময় কাঞ্চন দাস বলেন, এমপি সাহেব বলেছেন, আপনার রিপোর্টে যেন মামলার সুপারিশ না থাকে। তাহলে (হাওয়া হয়ে) যাবেন।
এ ব্যাপারে দুদকের উপ-পরিচালক যতন কুমারা রায় সাংবাদিকদের বলেন, ‘এমপি এমানুল হক ও তার অফিস কর্মকর্তা কাঞ্চন দাস যে কোনো সময় আমাকে বা আমার পরিবারের সদস্যদের গায়েব করে দিতে পারে। বা অন্য যে কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারে। তাই তাদের বিরুদ্ধে আমি একটি সাধারণ ডায়েরি করেছি।’
ইতিপূর্বেও এমপি এমানুল হক তাকে মোবাইলে ও সরাসরি এ ধরনের হুমকি দিয়েছেন। এ ছাড়া কয়েকদিন আগে তাকে হাইজ্যাক (অপহরণ) করার ফাঁদও সৃষ্টি করা হয়েছিল বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন।