জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক কার্যালয় থেকে এ নোটিশ জারি করা হয়েছে। দুদকের উপ-পরিচালক গোলাম ফারুক এ নোটিশ জারি করেন।
দুদক সূত্র জানায়, এলডিপি নেতা কর্নেল (অব.) অলি আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে এ নোটিশ করা হয়। নোটিশে তার এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তি বা ব্যক্তিবর্গের নামে-বেনামে, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিশনের সচিব বরাবর তা দাখিল করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা তথ্য প্রদান করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।