ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো জানিয়েছেন, রাশিয়া তাদের বেশির ভাগ সেনা পূর্ব ইউক্রেইন থেকে সরিয়ে নিয়েছে। এতে করে ওই অঞ্চলে ৫ মাস ধরে চলা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আশা জেগে উঠেছে।
পোরোশেঙ্কো বলেছেন, গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকা থেকে ফিরে গেছে ৭০ শতাংশ রুশ সেনা। এতে করে শান্তি উদ্যোগ শুভ ফল বয়ে আনার ব্যাপারে আমাদের আশা আরো বেড়ে গেছে। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা’ অনবরতই কিয়েভ বাহিনীকে উস্কানি দিতে থাকায় যুদ্ধবিরতি রক্ষা করাটা খুব সহজ হচ্ছে না।
পূর্ব ইউক্রেইনে সৃষ্ট সংঘর্ষে এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তবে বরাবরই ইউক্রেইন বাহিনীর সঙ্গে লড়তে সহায়তা করার কথা অস্বীকার করে আসছে রাশিয়া।