লাইবেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ব্রাউনি সামুকাই বলেছেন, ইবোলা ভাইরাস এখন দেশটির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দাবানলের মতো এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনের ভূমিকা মোটেও শক্তিশালী নয়। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দেশটির দুর্বল স্বাস্থ্য ব্যবস্থাও অবশ্য এর জন্য দায়ী। সেই সঙ্গে এখানকার অবকাঠামোগত সমস্যা, পেশাদারি যোগ্যতার অভাব এবং সর্বোপরি অর্থনৈতক সমস্যা এ বিষয়টিকে আরো গভীর সংকটে ফেলেছে। এ সব কারণে এটি রাষ্ট্রের স্বাভাবিক কর্মকান্ডে দারুণ প্রভাব ফেলেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা এরই মধ্যে সতর্কতা জারি করে বলেছে, এ অবস্থায় লাইবেরিয়ায় আরো হাজার হাজার নতুন ইবোলা রোগী চিহ্নিত হতে পারে। পশ্চিম আফ্রিকায় ভয়াবহভাবে এ রোগের প্রাদুর্ভাবের কারণে বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে। লাইবেরিয়া, গিনি এবং সিয়েরালিওনে এ পর্যন্ত ২ হাজার ৮৮৮ জন লোক মারা গেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানায়, বেশির ভাগ মৃত্যুর ঘটনাই গত তিন সপ্তাহের মধ্যে ঘটেছে।
ইঅ/চৌফে/শ১৮৪