৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু কাল

 
 
 
 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী কৃষি মেলা। দেশের কৃষির আধুনিকায়ন এবং খাদ্য ও শস্যের প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে অধিক মূল্য সংযোজনের লক্ষে প্রযুক্তিকে সময়োপযোগী করাই এ মেলার উদ্যেশ্য। বাংলাদেশ ছাড়াও আরো আটটি দেশ এ মেলায় অংশ গ্রহণ করবে।
আজ বুধবার সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘কৃষিতে উন্নতি আধুনিক প্রযুক্তি’ সে­াগানকে নিয়ে এবারের ‘চতুর্থ এগ্রো-বাংলাদেশ এক্সপো’ শুরু হবে। আর মেলাতে ভারত, চীন, জাপান, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, কোরিয়া, জার্মানি অংশগ্রহণ করবে। দেশি-বিদেশী প্রায় শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এক হাজার বিজ্ঞানী, গবেষক ও ব্যবসায়ীর অংশগ্রহণে ছয়টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। মেলায় ২২৫ টি স্টলের মাধ্যমে দেশী বিদেশী কৃষিজ্ঞানের আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে আধুনিক প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা করেন কর্মকর্তারা।
আনোয়ার ফারুক বলেন, দেশে এখন উদ্বৃত্ত খাদ্য ও শস্য উত্পাদন হচ্ছে। অতিরিক্ত এ উত্পাদন সঠিক ব্যবস্থাপনার ওপর নির্ভর করছে কৃষকের ভাগ্য। তাই বাড়তি উত্পাদনকে কাজে লাগিয়ে কৃষক ও ভোক্তাকে সন্তুষ্টি রাখতে গেলে অবশ্যই মূল্য সংযোজনে জোর দিতে হবে। আর সেটি করতে দেশে এ খাতে প্রয়োজন সময়পোযোগি প্রযুক্তি। আর এ মেলার মাধ্যমেই ফসলের গুণগতমান বৃদ্ধিসহ খাদ্য ও শস্যের প্রক্রিয়াজাতকরণ (প্রি অ্যান্ড পোস্ট হার্ভেস্ট) টেকনোলজি এবং কৃষির আধুনিক যন্ত্রপাতি প্রদর্শনের মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তাদের কৃষি ক্ষেত্রে বিনিয়োগে উত্সাহিত করা হবে।
এবারের মেলায় তিনটি থিম নিয়ে স্টল থাকবে। এগ্রো-বাংলাদেশ এক্সপো-২০১৪ শীর্ষক প্রদর্শনীতে থাকবে বীজ, পেস্টিসাইড এবং কৃষি যন্ত্রপাতি প্রদর্শন। ফুডপ্রো বাংলাদেশে থাকবে প্রক্রিয়াজাতকরন যন্ত্রপাতি, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি, ভ্যালুচেইন ডেভেলপমেন্ট, প্যাকেজিং ও বিপনন। এছাড়া রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপোতে থাকবে রাইস-মিল যন্ত্রপাতি প্রদর্শন। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সবাই বিনামূল্যে প্রবেশ করবে পারবে। আজ সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে বিশেষ অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
 

 

ইঅ/চৌফে/শ২৯৩