যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চলতি বছর অষ্টম ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর



যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হত্যার দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছিল। এনিয়ে চলতি বছর এ রাজ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে এটি একটি রেকর্ড।
রাজ্যের সংশোধন বিভাগের মাইক ও’কনেল জানান, বনি টেরা শহরে স্থানীয় সময় রাত ১২ টা ৩১ মিনিটে বিষাক্ত ইনজেকশন পুশ করে আর্ল রিঙ্গোর (৪০) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আফ্রিকান বংশোদ্ভুত আমেরিকান নাগরিক রিঙ্গো যে রেস্তোরাঁয় কাজ করতো সেখানে সশস্ত্র ডাকাতির সময় সে এক ব্যক্তিকে হত্যা করে। ১৯৯৮ সালে এ ঘটনা ঘটে।
ওই মুখপাত্র জানান, ইনজেকশন পুশ করার নয় মিনিট পর রিঙ্গোর মৃত্যু হয়।
মৃত্যুদন্ড কার্যকর করার আগে যন্ত্রণাহর ওষুধ মিডাজোলাম প্রয়োগ করা হয়েছিল কিনা সে সম্পর্কে ও’কনেল কিছু বলেননি। রিঙ্গোর আইনজীবীরা শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টে আপিলে বিষয়টি উল্লেখ করেন ।
এ বছর ওহাইও, ওকলাহোমা ও আরিজোনায় তিনটি মৃত্যুদণ্ড কার্যকর করার সময় মিডাজোলাম প্রয়োগ করা হয়। এ নিয়ে সমালোচনা হয়। কারণ সাজাপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে এবং তার কষ্ট হয়। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার জানায়, চলতি বছর যুক্তরাষ্ট্রে মোট ২৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মিসৌরি রাজ্যে। এদিক থেকে যুক্তরাষ্ট্রে এটি একটি রেকর্ড।