ওয়াশিংটনে কংগ্রেসম্যান স্টিভ শ্যাবট ও রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বৈঠক

 
 
 
মার্কিন কংগ্রেসের এশিয়া প্যাসিফিক উপ-কমিটির সভাপতি স্টিভ শ্যাবটের সঙ্গে বৈঠক করেছেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। স্থানীয় সময় মঙ্গলবার তারা বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, আন্তর্জাতিক সন্ত্রাস দমন, ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, ১০ম জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উগ্রবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশকে ধারাবাহিকভাবে সমর্থন ও সাহায্য করে যাচ্ছে। তিনি আরো বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ছিল ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির বিজয়। উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার বাংলাদেশের মানুষের জীবনযাত্রার গুণগত মানোন্নয়নে বদ্ধপরিকর। এক্ষেত্রে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারের ধারাবাহিক সম্পৃক্ততা ও সাহায্যের প্রশংসা করেন।
কংগ্রেসম্যান শ্যাবটের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গঠনের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, এই ট্রাইব্যুনালের মাধ্যমে বিগত চার দশকের বিচারবঞ্চিত মানুষ ন্যায়বিচার ফিরে পাবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। উক্ত ট্রাইবুন্যালে দোষী সাব্যস্ত হলেও দেশের সর্বোচ্চ আদালতে অািপল করার সুযোগ রয়েছে, যা বিশ্বের অন্যান্য অনুরূপ ট্রাইব্যুনালের ক্ষেত্রে অনুপস্থিত ছিলো। 
কংগ্রেসম্যান শ্যাবট বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের প্রতি তার প্রবল আগ্রহ ব্যক্ত করেন। তিনি দু’দেশের জনগণের মধ্যে পারস্পারিক  সংযোগেরও প্রশংসা করেন।
কংগ্রেসম্যান শ্যাবট যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসাবে মোহাম্মদ জিয়াউদ্দিনকে স্বাগত জানান এবং তার কার্যকালীন সময়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) নাঈম উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
 

ইঅ/চৌফে/শ৩৩৬