বাংলাদেশ অভ্যরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) জায়গাগুলো সঠিকভাবে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বুধবার সকালে বাংলামটর বিআইডব্লিউটিসি-এর ফেয়ারলি হাউজের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী শাজাহান খান বলেন, খুলনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে বিআইডব্লিউটিসির হাজার হাজার কোটির টাকার সম্পদ পড়ে আছে। এ সব সম্পদ পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। কারণ যেকোনো জিনিস সঠিক ব্যবহার না করলে নষ্ট হয়ে যায়।
ওয়াটার বাসে প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা লোকসান হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিআইডব্লিউটিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান তাই লোকসান দিয়ে হলেও ওয়াটার বাসগুলো চালাতে হবে।
মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠান এক দিকে লোকসান দিলেও ফেরি ঘাটে ওয়েট স্কেল বসানোর কারণে প্রতি বছর ২৫ কোটি টাকা অতিরিক্ত আয় হচ্ছে।
বিআইডব্লিউটিসি-এর চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সোহরাব হোসেন ও অতিরিক্ত সচিব মাহাবুব হোসেন প্রমুখ।
ইঅ/চৌফে/শ১৩৯