আলোচনা করেই সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নিতে হবে: ড. কামাল

 
 
সংবিধান প্রণেতা ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভায় আমাদের সবার মূল বক্তব্য ছিলো তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করা হচ্ছে তা বন্ধ করতে হবে। সবার সঙ্গে আলাপ আলোচনা করেই সংবিধান সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, মূল জায়গায় আমরা সবাই এক। সেখানে কোন কমিটির প্রয়োজন নেই। ঐক্যমতের ভিত্তিতে আমরা কাজ চালিয়ে যাব। সভা শেষে কমিটি গঠনের একটা প্রস্তাব এসেছিলো। তবে আমরা সবাই বলেছি কমিটির কোন প্রয়োজন নেই। কমিটি গঠনের কোন সিদ্ধান্ত হয়নি। বুধবার ইত্তেফাককে তিনি এসব কথা বলেন।
এদিকে বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার লক্ষে সংবিধান সংশোধনের পক্ষে বৃহস্পতিবার এক আলোচনাসভার আয়োজন করেছে সরকার সমর্থক আইনজীবীরা।
 বিকাল ৪ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমন্বয় পরিষদের আহবায়ক এডভোকেট আব্দুল বাসেত মজুমদার।
তিনি বলেন, আমরা বিচারপতিদের অপসারনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার পক্ষে। এই ক্ষমতা সংসদের হাতে দেয়া হলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হবে না, বরং আরো সুসংহত হবে।
অপরদিকে কাল দুপুর  ১ টায় গণতান্ত্রিক আইনজীবী সমিতি এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে।