গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে নার সোয়েটার লিমিটেড নামক একটি সোয়েটার কারখানার শ্রমিক কর্মচারীদের বেতনের ৭২ লাখ ছিনতাই হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর মহানগরীর জাঝর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই কারখানার কমার্শিয়াল এক্সিকিউটিভ গোলাম হোসেন ইলিয়াস জানান, ইসলামী ব্যাংক উত্তরা শাখা থেকে শ্রমিক-কর্মচারীদের বেতনের ৭২ লাখ টাকা তুলে মাইক্রোবাস যোগে গাজীপুরে কারখানায় আসছিল তাদের দুই কর্মকর্তা। টাকা নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর মহানগরীর জাঝর এলাকার রহিমা বিশ্বাস স্কুল এন্ড কলেজের সামনে এসে পৌঁছলে পূর্ব থেকে ওত্ পেতে থাকা একদল দুর্বৃত্ত ডিবি পুলিশ পরিচয়ের তাদের ব্যবহূত অন্য একটি মাইক্রোবাস দিয়ে কারখানার মাইক্রেবাসটির গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রশাসন বিভাগের কর্মকর্তা আব্বাস আলী ও মাইক্রোবাসের চালক সাইফুল ইসলামকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে ছিনতাইকারীদের মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় কারখনার টাকা নিয়ে আসা মাইক্রোবাসটি রাস্তায় পড়ে থাকে। পরে ছিনতাইকারীরা টাকাসহ তিনজনকে নিয়ে মাইক্রোবাস যোগে ঢাকা-বাইপাস সড়ক দিয়ে ঘোড়াশালের দিকে চলে যায়। এক পর্যায়ে ছিনতাইকারীদের মাইক্রোবাস ও নার সোয়েটার কারখানার দুই কর্মকর্তাসহ তিনজনকে মারধর করে ঘোড়াশাল ব্রিজের পশ্চিম পাশে ফেলে রেখে টাকা নিয়ে তারা পালিয়ে যায়। পরে ছিনতাইকারীদের মারধরে আহত কর্মকর্তারা ঘটনাটি কারখানা কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘোড়াশাল ব্রিজের পশ্চিম পার্শ্ব থেকে ছিনতাই কাজে ব্যবহূত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ- ১১-৮৪৫৬), একটি ওয়াকিটকি, ডিবি পুলিশ লেখা দুটি কটি ও দুইটি লাঠি উদ্ধার করে।
জয়দেবপুর থানার ওসি (তদন্ত) আলম চাঁদ জানান, ছিনতাইয়ের কথা তারা শুনেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।