মাগুরার শ্রীপুরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাচ্চু(৩৫), জসিম(২৫), লুৎফর(৫০), বাবু মন্ডল(৪০), উজির(৪৫) ও ইউসুফ খলিফাকে(৪৫) আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আব্দুল মালেক মেম্বর ও মিজানুর রহমান এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলে আসছিল। বুধবার গভীর রাতে মালেক গ্রুপের লোকজন মাদক বিক্রির অজুহাতে মিজান গ্রুপের সমর্থক বাচ্চুকে পিটিয়ে আহত করে। এ ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে আট থেকে ১০ জনের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঐ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।