জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, তাদের দল একটি গণতান্ত্রিক পার্টি। বিরোধীদল হচ্ছে ছায়া সরকার, প্রধানমন্ত্রী সংসদ নেতা। এ জন্য আমাদের দলের যে কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাবলু এসব কথা বলেন।
গত কয়েকদিনে জাতীয় পার্টির অভ্যন্তরীণ সংকট নিয়ে জাতীয় পার্টির কয়েকজন কেন্দ্রীয় নেতার প্রধানমন্ত্রী দফতরে যাওয়া প্রসঙ্গে বাবলু এসব মন্তব্য করেন।
বাবলু বলেন, জাপা একটি বড় দল। এ দলে মতবিরোধ থাকতেই পারে। তবে কোনও বিরোধ নেই। এরশাদ ও রওশনের মধ্যে বিরোধ নেই।
বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম সম্পর্কে তিনি বলেন, তাজুল ইসলাম বিতর্কিত। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে আমরা শুনেছি। তিনি একেক সময় একেক পার্টি করেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।