রাজশাহীর চারঘাটে একটি বাড়ির সেপটিক ট্যাংকে নেমে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বালাদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোজ্জাম্মেল হক (৫০), মুকুল হোসেন (৩৮) ও জামাল উদ্দিন (৪৫)। তারা সকলেই ঐ গ্রামের বাসিন্দা।
চারঘাট থানার ওসি গোলাম মর্ত্তুজা জানান, বালাদিয়াড় গ্রামের তফেল উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে প্রথমে প্রথমে মুকুল হোসেন নামে। বেশ কিছুক্ষণ তার কোনা সাড়া না পেয়ে জামাল উদ্দিন ও মোজাম্মেল হকও সেখানে নামে। পর পর তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করা পর তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ট্যাংকের ভিতর টর্চ লাইট দিয়ে তিনজনকে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহগুলো উদ্ধার করে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ট্যাংকের ভেতরে সৃষ্টি বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।