বগুড়ার শাজাহানপুরে বাস চাপায় আয়েশা আক্তার নামের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির মাসহ আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার বেলা অনুমানিক দেড়টার দিকে উপজেলার নয়মাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী রতনা বেগম তাদের দুই বছর বয়সী শিশু কন্যা আয়েশা আক্তারকে সাথে নিয়ে ব্যাটারী চালিত রিকশা যোগে নয়মাইল এলাকায় তার বাবা স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব আতাহার আলীর অটো রাইচ মিলে আসছিল। পথে নয়মাইল স্ট্যান্ডের ২’শ গজ দক্ষিণে রিকশাটি ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী আল হামরা (ঢাকা মেট্রো-ব-১৪-৭৩৭৭) পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাদের চাপা দেয়। এতে শিশু কন্যা আয়েশা আক্তার (২) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় মা রতনা বেগম (৩০) ও রিকশা চালক একই উপজেলার নারচি গ্রামের খলিলুর রহমান (৩৫)।
আহত খলিলুর রহমান বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং রতনা বেগম বি-ব্লক ম্যাক্স কেয়ার ক্লিনিকে চিকিত্সাধিন রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।