রূপগঞ্জে স্কুলশিক্ষক হত্যা মামলায় ১০ জন রিমান্ডে

 
 
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুল শিক্ষক মেহেদী হাসান বাবু হত্যা মামলায় গ্রেফতারকৃত ১০ আসামিকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিটে চাঁদনী রূপমের আদালতে হাজির করে তাদের ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়া ১০ আসামি হলো— কাউসার, আক্তার, মাহাবুব, সিরাজুল, আমিনুল, বাদল, সাইফুল, হাবিবুর, আলামিন ও শরীফুল। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ওসি হাবিবুর রহমান হাবিব রিমান্ডে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, চলতি বছরের ২৮ মার্চ দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী এলাকায় মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে স্কুলশিক্ষক মেহেদী হাসান বাবুকে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা। তিনি স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওই ঘটনায় নিহতের পিতা আমজাত হোসেন ভুইয়া বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই ইমতিয়াজ জানান, মঙ্গলবার আসামীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাদেরকে রিমান্ডে নেয়ার আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।