৩ দিনব্যাপী তৃতীয় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

 
 
 
            পর্যটন শিল্পে উন্নয়নে ও বিদেশি পর্যটকদের বাংলাদেশে আসতে উত্সাহিত করতে শুরু হয়েছে তিন দিনব্যাপী তৃতীয় এশিয়ান ট্যুরিজম ফেয়ার। মেলায় বিদেশি পর্যটকদের পর্যটন মৌসুমের বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। মেলায় রয়েছে এয়ারলাইন্স, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিমপার্ক ও বিনোদনের আরো বিভিন্ন প্রতিষ্ঠান।
            আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) সার্বিক সহযোগিতা পর্যটন মেলার আয়োজন ‘পর্যটন বিচিত্রা’।
            উদ্বোধনী অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, এই মেলার মাধ্যমে পর্যটনের উন্নয়নে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ধরনের মেলার মাধ্যমে বিদেশি পর্যটকদের বাংলাদেশে আসতে উত্সাহিত করা হচ্ছে। প্রতিবছর এ সব মেলার মাধ্যমেই বিদেশি পর্যটকদের দেশে আনতে আকৃষ্ট করা হচ্ছে।
            ‘পর্যটন বিচিত্রা’র সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, মেলায় পর্যটন মৌসুমের বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল বা প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। এ বছর মেলায় হোস্ট-কান্ট্রি ‘বাংলাদেশ’। পার্টনার-কান্ট্রি ‘মালয়েশিয়া’। মেলায় অংশ নিচ্ছে এশিয়ার ছয়টি দেশ— ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, চীন ও ভারত।
            মেলার আয়োজকরা জানায়, এ মেলার মাধ্যমে পর্যটনশিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ বছর মেলায় ১২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন মেলা চলবে বেলা ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য নির্ধারিত হয়েছে ২০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। মেলার প্রতিটি টিকিটের সঙ্গে থাকছে থিমপার্ক ও ফ্যান্টাসি কিংডমে প্রবেশের ৫০ ভাগ ছাড়ের ব্যবস্থা ।
            উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক সচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আকতারুজ্জামান খান কবির, ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনার নরলিন ওথমান, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউ ইয়ং, তুরস্কের রাষ্ট্রদূত এইচ ই হুসেইন মোফতুগলো, নেপালের রাষ্ট্রদূত এইচকে শ্রেষ্ঠা, শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার এ জি আবিসেকারা, ফিলিপাইনের ডেপুটি কনসাল জেনারেল মুহাম্মদ নূরদীন পেনডসিনা এন লমনডট, চীনের সেকেন্ড সেক্রেটারি হুয়াং লি, ট্যুরিজ বোর্ডের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য একেএম বারী, আইএলও প্রতিনিধি আর্থার সিজ, ইউএসএইডের ড্যারেল ডেপার্ট প্রমুখ।
 
ইঅ/চৌফে/শ৩৩০