বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন ঋণ দেয়ার নির্দেশ

 

 

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন ঋণ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বন্যায় দেশের ২১টি জেলায় রোপা আমনসহ অন্যান্য ফসল ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠে কৃষি উৎপাদন কর্মকা- অব্যাহত রাখার লক্ষ্যে রোপো আমনসহ অন্যান্য ফলস এবং মৎস্য খাতে প্রকৃত চাহিদা ও বাস্তবতার নিরিখে নতুন ঋণ বিতরণ করতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় রবি শস্য এবং আমদানি বিকল্প ফসলে (ডাল, তৈলবীজ, মসলা ও ভুট্টা) রেয়াতি হার সুদে ঋণ প্রদান জোরদার করতে হবে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন ঋণ পেতে কোনোরূপ হয়রানির শিকার না হন সে বিষয়ে ব্যাংকগুলোকে নিবিড়ভাবে তদারকির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২০ অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে বলা হয়েছে।
এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো- কুড়িগ্রাম, লীলফামারি, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, শরিয়তপুর, মাদারিপুর, সুনামগঞ্জ, সিলেট ও ভোলা।