বুয়েটের প্রথম নারী ভিসি খালেদা একরাম

 
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক খালেদা একরাম। ১৯৬২ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত দেশের প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ এ প্রতিষ্ঠানের ভিসি পদে তিনিই প্রথম নারী। আর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি পদে নিয়োগপ্রাপ্তদের মধ্যে তিনি দ্বিতীয় নারী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। খালেদা একরামকে চার বছর মেয়াদে ভিসি হিসেবে এ নিয়োগ দেয়া হয়। মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে বুয়েটের ভিসি অধ্যাপক নজরুল ইসলামের নিয়োগের মেয়াদ শেষ হয়। শনিবার সকালে নতুন নিয়োগপ্রাপ্ত ভিসির কাছে বিদায়ী ভিসি দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানিয়েছেন বুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহ আলম।
বুয়েটের সদ্য নিয়োগপ্রাপ্ত ভিসি অধ্যাপক খালেদা একরাম ইত্তেফাককে প্রতিক্রিয়ায় বলেন, নতুন দায়িত্ব তিনি সর্বোচ্চ আন্তরিকতার সাথে পালন করব। বুয়েটকে আরো সুন্দর, ছিমছাম ও আধুনিক ক্যাম্পাস হিসেবে সাজাতে চাই। একইসাথে গবেষনা কার্যক্রমকে বহুগুণ বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তিনি এর আগে বুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন হিসেবে দুইবার এবং স্থাপত্যবিদ্যা বিভাগের প্রধান হিসেবে একবার দায়িত্ব পালন করেন।
এ বছরের ২ মার্চ দেশের কোন বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারজানা ইসলাম।