বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির পাশের এলাকায় ডিবি পরিচয়ে গ্রামীণফোনের পরিবেশককে তুলে নিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার মুক্তার এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক শেখ সাদী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, মুক্তার এন্টারপ্রাইজের সেলস এক্সিকিউটিভ হাবিবুর রহমান ও সুপারভাইজার সাইফুল ইসলাম চন্দ্রা থেকে সাড় তিন লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে সফিপুরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের মোটরসাইকেলটি আনসার একাডেমির ১নং গেইট পেরিয়ে গেলে পেছন থেকে একটি সাদা রঙের মাইক্রোবাস এসে তাদের গতিরোধ করে। আরোহীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুজনকে থানায় নেয়ার কথা বলে মারধর করে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলে। ছিনতাইকারীরা তাদের কাছে থাকা সাড়ে তিনলাখ টাকা ছিনিয়ে নিয়ে দুজনকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
সেলস এক্সিকিউটিভ হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিবি পুলিশ পরিচয়ে চালকসহ ছয়জন লোক তাদের তুলে নিয়ে যায়। পরে সাড়ে তিনলাখ টাকা ছিনতাই করে তাদের সড়কের পাশে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
বুধবার সন্ধ্যায়ও একই কায়দায় গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকা থেকে নার সোয়েটার কারখানার শ্রমিকদের বেতনের সাড়ে ৭২ লাখ টাকা ছিনতাই হয় বলে পুলিশের কাছে অভিযোগ আসে।