ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্র পেটানো নিয়ে সংঘর্ষ, মামলা

পড়া না পারায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে রাকিব মিয়া (১০) নামের এক ছাত্রকে পিটিয়েছে এক মাদ্রাসাশিক্ষক রফিক ভূঁইয়া। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দু পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। তাদের মধ্যে ১৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এ ঘটনায় এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করে থানায় দুটি মামলা দায়ের করেছে। কসবা থানা সূত্রে জানা গেছে, আহত মাদ্রাসাছাত্রের মা নার্গিছ বেগম বাদী হয়ে রফিক ভূঁইয়াকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার কসবা থানায় মামলা দায়ের করেছেন। অপরদিকে শিমরাইল গ্রামের আবদু মিয়া বাদী হয়ে গত বুধবার রাতে আবদুল সাত্তারকে (৩২) প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও জখমের অভিযোগে মামলা দায়ের করেছেন।