ভারতের ১৫ তরুণ তরুণীর আইএসে যোগ দেয়ার চেষ্টা!

ইরাক ও সিরিয়ায় তত্পর ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দেয়ার চেষ্টা করেছে ভারতের হায়দরাবাদের ১৫ জন তরুণ-তরুণী! এরা সবাই প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রী। এদের তেলেঙ্গানা পুলিশ সনাক্ত করে। এদের অভিভাবকরা এরা ‘নিখোঁজ’ মর্মে থানায় ডায়েরি করেছিল। এদের ব্যাপারে তথ্য পাবার পর ভারতের পুলিশ আরো সতর্ক হয়ে গেছে। তালেবান কিংবা আল-কায়েদা ভারতীয় তরুণদের আকর্ষণ করতে না পারলেও আইএস অনেকের কাছে ‘ক্রেজ’ হিসেবে হাজির হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ জানায়, এদের পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গ থেকে আকাশপথে ইরাকে যাবে। প্রথমে পশ্চিমবঙ্গে কয়েকজনকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, আরো বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী আইএসে যোগ দেয়ার দলে নাম লিখিয়েছে। এই দলের একজন এদের মাথায় জিহাদের চিন্তা ঢুকিয়ে আইএসে যোগ দেয়ার জন্য প্রলুব্ধ করে। পুলিশ তার নাম প্রকাশ না করলেও বিস্তারিত সংগ্রহ করেছে। এরা অজ্ঞাত সূত্র থেকে বিপুল পরিমাণ অর্থও পেয়েছিল।