চুয়াডাঙ্গায় নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাটুই নদীতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ পাওয়া গেছে।  চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ  শুক্রবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে, উদ্ধারকৃত মৃতদেহটি গলে যাওয়ায় এটি পুরুষ না মহিলার, তা শনাক্ত করা যায় নি।    
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জমির কাঁচা পাট জাগ দেয়ার (পচানো) জন্য গ্রাম সংলগ্ন ভাটুই নদীতে নামলে পারলক্ষ্মীপুর গ্রামের আব্দুর রাজ্জাক পানির মধ্যে একটি গলিত লাশের সন্ধান পান। এদিন সন্ধ্যার পর তিওরবিলা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যান। পরে রাতে নদীতে ¯্রােতের কারণে পানি থেকে মৃতদেহ উদ্ধার সম্ভব না হওয়ায় বাঁশ গেড়ে আটকে রাখা হয়। এ অবস্থায় এখানে রাতভর পুলিশ পাহারা বসানো হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা ইত্তেফাককে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশটির বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি।