মংলায় কার্গো ডুবি, নৌ চলাচল বন্ধ

মংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় ক্লিংকারবাহী (সিমেন্টের কাচামাল) এম, ভি হাজেরা নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কার্গো জাহাজটি ডুবে যায়। ওই চ্যানেলে নৌ-চলাচল বন্ধ রয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার খান মোহম্মদ আকতারুজ্জামান জানিয়েছেন,
কার্গো জাহাজ এমভি হাজেরা-১ আজ সকালে পশুর চ্যানেলের হারবারিয়ায় চীনা পতাকাবাহী জাহাজ এমভি তাইহোয়া থেকে ক্লিঙ্কার বোঝাই করে। এরপর সেটি খুলনার রূপসা এলাকায় সুংসিন গ্রুপের সেভেন সার্কেল সিমেন্ট কারখানার উদ্দেশ্যে যাত্রা করার সময় সামনে নোঙর করা পানামার পতাকাবাহী জাহাজ এমভি সিনোগ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ক্লিঙ্কারবাহী জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় ওই কার্গোর ৮ নাবিক পানিতে পড়ে যান। পরে তারা সাঁতরে তীরে উঠে আসেন।
ডুবে যাওয়া জাহাজটি শনাক্ত করতে নৌবাহিনীর একটি দল দুপুর থেকে ওই এলাকায় কাজ করছে।