ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভিয়েনায় তেহরানের সঙ্গে আলোচনা হয়েছে ইউরোপের তিনটি দেশের। আগামী নভেম্বরের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইরান এবং ইউরোপের ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কর্মকর্তারা এ বৈঠকে বসেন। খবর এএফপির।
জাতিসংঘের স্থায়ী পরিষদের পাঁচ সদস্য ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানি ও ইরানের কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর স্থানীয় সময় বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রুদ্ধদ্বার এ বৈঠকের ঘোষণা দেয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান এবং ছয় জাতিগোষ্ঠীর প্রধান আলোচক ক্যাথরিন অ্যাস্টোন এ ঘোষণা দেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র গত মঙ্গলবার সাংবাদিকদের জানান, জেনেভা বৈঠকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরমাণবিক ইস্যুতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরবর্তী বৈঠকে যাতে চূড়ান্ত চুক্তি হতে পারে তার ক্ষেত্র তৈরি করতেই তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধি দল জেনেভায় এ বৈঠক করে।
ইঅ/চৌফে/শ১৬২