আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই সব যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্থ করতে পারবে না।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৪ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সাহারা খাতুন বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করার জন্য বিএনপি সরকার ইমডেমনিটি আইন করেছিল। সেজন্য আমরা দীর্ঘ ২১ বছর বিচার পাইনি। অনুষ্ঠানে আগত শিশুদের ধন্যবাদ জানিয়ে সাহারা খাতুন বলেন, বর্তমানে শিশুরা পড়ালেখার পাশাপাশি চিত্রাঙ্কন, গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে, যা তাদের মেধা বিকাশে সহায়ক।
মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইঅ/চৌফে/শ১২৮