কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বুড়ির পাড়া এলাকায় আওয়ামী লীগ ও তরুণ লীগের নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার রাত নয়টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, আওয়ামী লীগের নেতা গোলাম কাদের ও তরুণ লীগের নেতা আলাউদ্দিনের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল ওই বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে তাঁর নেতৃত্বে পুলিশ অবস্থান নিয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।