ইকো-ম্যারাথন। গাড়ির জ্বালানি দক্ষতা নিয়ে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রথমবারের মতো এতে অংশ নিচ্ছে বাংলাদেশি ছাত্রদের বানানো গাড়ি! বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দল ‘অভিযাত্রিক’।
এই দলের সদস্যরা হলেন- হাসান ইমাম শুভ, তৌহিদুর রহমান, তমাল পাল শাওন, আব্দুল্লাহ মমিন চৌধুরী, মিনহাজুল আবেদীন আবির এবং আসিফ জাহিদুল হক। সবাই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
অভিযাত্রিকের বানানো গাড়ির নাম ‘বিডি-৭১’। অটোমোবাইল বিশ্বে বাংলাদেশের নাম এবং গৌরবময় স্বাধীনতাকে তুলে ধরতেই এই নাম রাখা হয়েছে বলে জানান দলনেতা হাসান ইমাম শুভ। এ প্রসঙ্গে শুভ বলেন, এই গাড়িতে প্রচলিত গাড়ির সব ফিচার থাকছে। ১ লিটার তেলে ৫০ কিলোমিটার চলতে সক্ষম ‘বিডি-৭১’।
গাড়ির সর্বশেষ সংস্করণে ১ লিটার তেলে ১০০ কিলোমিটার চলার ক্ষমতা যোগ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শুভ। সর্বশেষ সংস্করণ বাজারজাত করা হলে, সেটার উত্পাদন খরচ ২ থেকে ৩ লাখ টাকার মধ্যে রাখা যাবে বলে জানান তিনি।
দলনেতা আরো বলেন, প্রায় দেড় বছরের চেষ্টায় ‘বিডি-৭১’ বানিয়েছি। পরে কোন বাংলাদেশি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে বাংলাদেশে এই শিল্পে উন্নয়নের অংশীদার হতে চাই। আশা করছি, সামনের বছরগুলোতে বাংলাদেশ থেকে আরও বেশি প্রতিযোগী ‘ইকো-ম্যারাথনে’ অংশ নেবে।
অভিযাত্রিক ইতোমধ্যে প্রতিযোগিতার প্রথম ধাপ পার করেছে। পরবর্তী ধাপের জন্য জমা দেয়া হয়েছে গাড়ির নকশা ও বিস্তারিত বিবরণ। উত্তীর্ণ হলে ডাক মিলবে ১৭ সেপ্টেম্বর ম্যানিলায় মূল পর্বে অংশগ্রহণের।
উল্লেখ্য, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইকো-ম্যারাথন ২০১৫-এর এশিয়া মহাদেশীয় ইভেন্ট। এ প্রতিযোগিতায় নিজেদের বানানো গাড়ির মডেল নিয়ে অংশগ্রহণ করে এশিয়ার বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা। জীবাশ্ম জ্বালানির আন্তর্জাতিক উত্পাদক প্রতিষ্ঠান শেল এই প্রতিযোগিতার আয়োজক।