টুঙ্গিপাড়ায় ৩ মন্ত্রীর বঙ্গবন্ধু সমাধিসৌধ পরিদর্শন

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স সম্প্রসারণ ও উন্নয়নের জন্য তিনজন মন্ত্রী, প্রকৌশলী ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
 
আজ শনিবার সকালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়া আসেন। টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে ওই তিন মন্ত্রী পৃথক শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর জন্য দেয়া-মোনাজাত করেন।
 
এ সময় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবীর আহম্মেদ ভূইয়া, প্রধান স্থপতি ইকবাল হাবিব, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধূরী এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রহমান, পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন, ওসি মো. মনিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 
এরপর মন্ত্রীরা, প্রকৌশলী ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা সমাধিসৌধ কমপ্লেক্স, বঙ্গবন্ধুর পূর্ব পুরুষের বাড়ি ঘুরে ঘুরে দেখেন। সমাধিসৌধের সম্ভাবনা, সমস্যা, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তার আলাপ আলোচনা করেন।
 
পরিদর্শন শেষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার প্রিয় জম্ম ভূমির মাটিতে ঘুমিয়ে আছেন। এটাই একটি ইতিহাস। বাঙালির এই তীর্থস্থান সম্পর্কে মানুষের জানার আগ্রহের শেষ নেই। বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজম্মের কাছে জানান দিতেই সরকার সমাধিসৌধ কমপ্লেক্স সম্প্রসারণ এবং উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সমাধিসৌধ পরিদর্শন শেষে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে প্রতিবেদন জমা দেয়া হবে।