ব্যারিস্টার মওদুদের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

ওয়ান ইলিভেনের হোতারা রাজনীতিবিদ বিহীন রাষ্ট্র চেয়েছিল

ওয়ান ইলাভেনের হোতারা রাজনীতিবিদ বিহীন রাষ্ট্র চেয়েছিল। যে কারণে যড়যন্ত্রকারীদের লক্ষ্য ছিল রাজনীতিবিদ ও তাদের পরিবারকে ধবংস করা। এটা তারা করতে না পারলেও আমাদের অর্থনীতির ভীত ও জাতীয় প্রতিষ্ঠানসমূহকে ক্ষতিগ্রস্থ করেছে। একইসঙ্গে সার্বভৌমত্বের তাত্ত্বিক ভিত্তিকে দুর্বল করেছে।
 
আজ শনিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত ‘বাংলাদেশ: ইমার্জেন্সি এন্ড দ্যা আফটারমাথ (২০০৭-২০০৮)’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন, ওয়ান ইলাভেনে ক্ষমতা দখলের সঙ্গে সেনাবাহিনীর কোন সম্পর্ক ছিল না। এটা ছিল সেনাপ্রধান মইন ইউ আহমদসহ গুটিকয়েক ব্যক্তির ক্ষমতা দখলের অভিলাষ। মইন নিজে রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন।
 
সকাল সাড়ে ১০ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে সাপ্তাহিক ইকনোমিক টাইমস। বইটির উপর আলোচনায় অংশ নেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ইংরেজী দৈনিক নিউজ টুডে’র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, নিউ এইজ সম্পাদক নুরুল কবির, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু, প্রকাশক মহিউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ ও লেখক নিজে। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।