রাবির সাবেক উপাচার্য এম. আনিসুর রহমান আর নেই

 
 
 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য (১৯৯২-১৯৯৪) ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. আনিসুর রহমান (৭৫) আর নেই। বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা উদ্ভিদ বিজ্ঞান শিক্ষা ও গবেষণাসহ বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রফেসর আনিসুর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের দাফন মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রফেসর আনিসুর রহমান ১৯৩৯ সালে নওগাঁ জেলার আত্রাইয়ে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন। অধ্যাপনা জীবনে তিনি রাবি’র উপাচার্য, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ ও সিনেট সদস্যসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।