আইএসকে অনুরোধ জিম্মি ব্রিটিশ নাগরিকের পরিবারের

 
 
 
 
ইসলামিক স্টেটের (আইএস) হাতে জিম্মি ব্রিটিশ নাগরিক ডেভিড হাইনেসের পরিবার জঙ্গিগোষ্ঠীটিকে তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। এর আগেও একবার জঙ্গিদের প্রতি বার্তা পাঠিয়ে সাড়া না পাওয়ায় স্থানীয় সময় গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে আবারো এ অনুরোধ জানানো হলো। খবর বিবিসির।
গত বছর সিরিয়ায় মানবিক সহায়তা দেয়ার কার্যক্রমে অংশ নেয়ার সময় ৪৪ বছর বয়সী হাইনেসকে অপহরণ করে জঙ্গিরা। ইরাকে মার্কিন বিমান হামলার জবাবে এই ব্রিটিশ নাগরিকরে হত্যা করার হুমকিও দিয়েছে আইএস। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশ করা হাইনেসের পরিবারের দেয়া ঐ বিবৃতিতে সরাসরি জঙ্গিদের উদ্দেশে বলা হয়েছে, ‘আমরা ডেভিড হাইনেসের পরিবার। আমরা আপনাদের প্রতি একটি বার্তা পাঠিয়েছিলাম যার জবাব পাইনি। যারা ডেভিড হাইনেসকে আটক করেছে তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।’
এর  আগে অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে ইরাকে আইএস অবস্থানের ওপর মার্কিন বিমান হামলা বন্ধ না করা হলে হাইনেসকে হত্যার হুমকি দিয়েছিল জঙ্গিগোষ্ঠীটি। এ মাসের শুরুর দিকে মার্কিন সাংবাদিক স্টিফেন শটলুফকে হত্যার যে ভিডিওটি অনলাইনে দেয়া হয়েছিল সেখানে এই হুমকিটি দেয়া হয়। এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, হাইনেসকে রক্ষার করতে সরকার ‘সবকিছু’ করছে।
 
ইঅ/চৌফে/শ১৭৬