গাজীপুরে অজ্ঞাতপরিচয় দুই লাশ উদ্ধার

 
গাজীপুর মহানগরীর তুরাগ ও বালু নদী থেকে পুলিশ শনিবার দুপুরে অজ্ঞাতপরিচয় দুই লাশ উদ্ধার করেছে। অর্ধ গলিত লাশ দুটির একটি ১২ বছরের কিশোরের এবং অপরটি যুবকের (৩০)।
জয়দেবপুর থানার কোনাবাড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম জানান, কোনাবাড়ি বাইমাইল এলাকায় তুরাগ নদীতে অজ্ঞাত কিশোরের অর্ধ গালিত লাশ ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয়। পরে বেলা একটার দিকে লাশটি উদ্ধার করা হয়। কিশোরের পরনে চেক হাফপ্যান্ট ও গলায় একটি তাবিজ আছে। ৫-৬ দিন আগে তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয় বলেও ধারণা করেন তিনি।
একই থানার পুবাইল ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, পুবাইলের দিকলিয়া ব্রীজের কাছে বালু নদীতে লাশ ভাসতে দেখে ওই এলাকার মানুষ খবর দেয়। বেলা দুইটার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের লাশটি উদ্ধার করা হয়। যুবকের গায়ে কালো টি শার্ট ও পরনে কালো গ্যাবাটিনের প্যাান্ট আছে। ৩-৪দিন আগে ওই যুবকের হত্যা করা হয়ে থাকতে পারে। দু’টি লাশই ময়না তদন্তের জন্যে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।