আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভুল রাজনীতির চোরাবালিতে বিএনপি এখন নিমজ্জিত। তারা জনগণের ভাষা বুঝতে পারে না বলে তাদের ডাকে কেউ সাড়া দেয় না। এমনকি খোদ বিএনপির কর্মীরাও তাদের নেতাদের ডাকে সাড়া দিচ্ছেন না। মহাজোট সরকারকে হুমকি ধামকি এবং জানুয়ারি পর্যন্ত সরকারের ক্ষমতায় টিকে থাকার সময় সীমানা নির্ধারণ শুধু বিএনপি নেতাদের আস্ফাালন এবং হতাশাগ্রস্ত কর্মীদের চাঙ্গা করা ছাড়া আর কিছুই নয়।
আজ শনিবার বিকালে পাঁচটায় সিরাজগঞ্জ হাটিকুমরুল রোড চত্তরে একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম ঢাকা থেকে দিনাজপুর যাবার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড গোলচত্তরে যাত্রা বিরতি করেন এবং নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সলংগা থানা এলাকার ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুহুর্মুহু শ্লোগান দিয়ে তাদের প্রিয় নেতা মোহাম্মদ নাসিমকে বরণ করে নেন।
মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতির বাস্তবতা ও সময় এখন বদলেছে। বিএনপি নেত্রী এখন আর চাইলেই সেই আগের মতো ক্যান্টনমেন্টে বসে প্রাসাদ ষড়যন্ত্র করে ক্ষমতার যাবার পথ খুঁজে পাবেন না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এখন সারা বিশ্বে নন্দিত। তাই বর্তমান সরকার এখন আর হাওয়ায় উড়ে চলা পাতা নয় যে, বিএনপি-জামায়াত ফু দিলেই আমরা উড়ে যাব। তাদের সেই ঈদ আর এই দেশে কোনদিনও আসবে না, যে ইদের পরে বিএনপি-জামায়াত আন্দোলন করতে পারবে। অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ৫ বছরের জন্য বর্তমান সরকার নির্বাচিত হয়েছে। ২০১৯ সাল পর্যন্ত এ সরকার ক্ষমতায় থাকবে। বর্তমান সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবাযন করে চলেছে। তাই নির্ধারিত সময় ৫ বছর পর ২০১৯ সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেবার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জনগণ এই নির্বাচনে যাদের রায় দেবে তারাই সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কোন হুমকি-ধামকিতে কিংবা সময়সীমা বেেঁধ দিয়ে লাভ হবে না।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খান, গোলাম কিবরিয়া, বিমল কুমার দাশ, জেলা যুবলীগের সভাপতি মাঈন উদ্দিন খান চিনু, সলংগা থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রশীদ , যুবলীগ নেতা হেদায়েতুল আলম, মোখলেসুর রহমান প্রমুখ।
সন্ধ্যার পরে মোহাম্মদ নাসিম গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
ইঅ/চৌফে/শ৩৬৯