তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কেউ জবাবদিহিতার উর্ধ্বে নন। পার্লামেন্ট মেম্বার, আমলা, গণমাধ্যম কর্মী, বিচারপতিরা জবাবদিহিতার উর্ধ্বে থাকবেন তা তো হয় না। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আইনের শাসনে বিশ্বাস করেন তাহলে প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে। শনিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি খালেদা জিয়া ও তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, যখন জবাব দিহিতার কথা বলছি তখন মা-ছেলের গাত্র জ্বালা শুরু হয়েছে। আমি জানি জবাবদিহিতার প্রশ্ন উঠলে থলের বিড়াল বেরিয়ে আসবে। ’৭৫ এর খুনির সঙ্গে জিয়ার সম্পর্ক, তিনি তাদের রক্ষা কবতে চান। ২১ শে আগস্টের খুনিদের সাথে তার ও তার ছেলের সম্পর্ক। জবাবদিহিতা থাকলে তাদের এই থলের বেড়াল বেরিয়ে যাবে। সুতরাং যখনই বিচারের কথা বলি, যথনই জবাবদিহিতার কথা বলি তখনই আপনারা মায়া কান্না তুলেন। যদি গণতন্ত্র বিশ্বাস করেন জঙ্গিদের ছাড়ুন, খুনিদের ছাড়ুন, দুর্নীতিবাজদের ছাড়ুন। গণতন্ত্রের কাফেলায় শরীক হন।
মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি এমএ হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশীদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ, কেন্দ্রীয় নেতা শফি উদ্দিন মোল্লা, জাতীয় নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেসার আহমেদ, সিলেট জেলা জাসদের সভাপতি কলন্দর আলী ও হবিগঞ্জ জেলা জাসদের সভাপতি মো. ফিরোজ মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ আহমদ প্রমূখ। জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।